তৃতীয় সবমেরিনে আসবে ১২ টেরাবাইট ব্যান্ডউইথ
‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন’ প্রকল্প হাতে নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। প্রকল্প বাস্তবায়নের পর এই ক্যাবল থেকে ২২ টেরাবাইট ব্যান্ডউইথ পাবে বাংলাদেশ।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে প্রকল্পটি। সরকার আশা করছে, ফাইভ-জি যুগে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে মাইলফলক হবে এ ক্যাবল।
প্রকল্পের অধীনে সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সংযুক্ত SEA-ME-WE-6 সাবমেরিন ক্যাবলে ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর হয়ে ভূ-মধ্যসাগর অবধি বিস্তৃত নেটওয়ার্কের অংশীদার হবে বাংলাদেশ। ক্যাবলটির কোর ল্যান্ডিং স্টেশন হবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি, মিশর ও ফ্রান্সে।
আর বাংলাদেশের ব্রাঞ্চটি বঙ্গোপসাগর হয়ে কক্সবাজারস্থ ক্যাবল ল্যান্ডিং স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে গভীর সমুদ্রের মূল লাইনের দূরত্ব হবে ১ হাজার ৮৫০ কিলোমিটার। ২০২৪ সালের জুনে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এতে ব্যয় হবে ৬৯৩ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকা। খরচের ৮৯ শতাংশ ব্যায় হবে শুধু ক্যাবল বাবদ। এর মধ্যে প্রায় ৩০১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে। বাকি ৩৯২ কোটি টাকার যোগান দেবে প্রকল্প বাস্তবায়কারী কোম্পানি বিএসসিসিএল।
বর্তমানে বাংলাদেশের রয়েছে ১৭০০ জিবিপিএস ব্যান্ডউইথ। তৃতীয় সাবমেরিন ক্যাবলের সক্ষমতা হবে ১২ টেরাবাইট। এ ব্যান্ডউইথ ক্যাবলের দুই প্রান্ত থেকে আসবে। কক্সবাজারের ল্যান্ডিং স্টেশনে সিঙ্গাপুর প্রান্ত থেকে ৬ টেরাবাইট এবং ফ্রান্স প্রান্ত থেকে ৬ টেরাবাইট ব্যান্ডউইথ আসবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এদিকে এরই মধ্যে সৌদি আরব, ভারত, নেপাল ও ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে আগ্রহ প্রকাশ করেছে। আনুষ্ঠানিকভাবে ভুটান ও ভারতের ত্রিপুরা রাজ্য প্রস্তাব দিয়েছে, অনানুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব ও নেপাল। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি চাহিদা অনুযায়ী রপ্তানীও করতে সক্ষম হবে বলে মনে করছন মন্ত্রী।
কনসোর্টিয়ামের সদস্য হিসেবে নিশ্চিত করে বলা গেলেও আগামী ২০২২ সালের আগেই প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী দেশের প্রতি ইঞ্চি মাটি ইন্টারনেট সংযোগের সংযুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মোস্তাফা জব্বার।
প্রসঙ্গত, দেশে বর্তমানে এক হাজার ৪০০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। এর মধ্যে দেশের প্রথম ও দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে আসছে ৮০০ জিবিপিএস আর টেরিস্ট্রিয়াল ক্যাবলের মাধ্যমে ভারত থেকে আসছে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ। যদিও দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সক্ষমতা এক হাজার ৫০০ জিবিপিএস।